আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। আর এর মধ্যেই বড় দুঃসংবাদ পেল ফ্রান্স ফুটবল দল। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ম্যাচে গুরুতর আহত হয়েছেন ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তার বিশ্বকাপ খেলা।
অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় লিভারপুল। তবে হারের চেয়েও বড় ক্ষত হয়ে এসেছে ২৩ বছর বয়সী একিতিকের ইনজুরি। ম্যাচের এক পর্যায়ে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে দেখা যায়। স্ট্রেচারে ওঠার সময় ব্যথায় কাতরাতে থাকা একিতিকে নিজের গোড়ালির দিকে ইশারা করছিলেন। বড় ইনজুরির শঙ্কা ধারণা করা হচ্ছিল তখনই।
ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্ন স্লট বলেন, ‘হুগোর অবস্থা মোটেও ভালো মনে হচ্ছে না। ইনজুরির ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, তবে পরিস্থিতি উদ্বেগজনক।
গত জুলাইয়ে ৬৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে দারুণ ছন্দে ছিলেন এই তরুণ তারকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৭টি গোল করেছেন।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ভাবা হচ্ছিল এই ফুটবলারকে। তবে এই অনাকাঙ্ক্ষিত ইনজুরি ফরাসি কোচ দিদিয়ের দেশমের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।

