কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৪ আহত ১৪৫

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৫০

রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি থানার বাইরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৪ জন নিহত ও কমপক্ষে ১৪৫ জন আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। বুধবার সকালের এই হামলার দায় স্বীকার করেছে তালেবান।

দেড় যুগের যুদ্ধ বন্ধ ও দক্ষিণ এশীয় দেশটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহী তালেবান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দফায় দফায় আলোচনার মধ্যেও আফগানিস্তানের সহিংসতা কমেনি। তালেবানরা বলছে, পুলিশের একটি ‘রিক্রুটমেন্ট কেন্দ্রে’ তাদের এক আত্মঘাতী বোমারু হামলা চালিয়েছে। এতে বহু পুলিশ হতাহত হয়েছে বলে এক বিবৃতিতে তারা দাবি করেছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, ঐদিন সকালে একটি থানার বাইরের চেকপয়েন্টে একটি গাড়ি থামানোর পরপরই সেটি বিস্ফোরিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই হামলায় ১৪ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন। আহতদের বেশিরভাগই বেসামরিক লোক, তাদের মধ্যে নারী ও শিশুও আছে, বলেছেন তিনি। আফগান উপস্বরাষ্ট্রমন্ত্রী খোশাল সাদাত এক সংবাদ সম্মেলনে একই হতাহতের সংখ্যা জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে চার জন পুলিশ ও বাকিরা সাধারণ নাগরিক। এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র সাদিক সিদ্দিকী এক টুইটারে বলেছেন, তালেবানরা আবারো কাবুলের বেসামরিক এলাকাকে তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এতে করে অনেক নিষ্পাপ মানুষ মারা যাচ্ছে।