‘কৃষি আধুনিকায়নে যান্ত্রিকীকরণের বিকল্প নেই’

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:১৩

ইত্তেফাক রিপোর্ট

কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিকে আধুনিকায়ন করতে হলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। তিনি বলেন, আমাদের দানাদার খাদ্যশস্যের উত্পাদন বাড়লেও সে অনুপাতে এর মূল্য পাচ্ছে না কৃষকরা। তাদের উত্পাদিত ফসলের উত্পাদন খরচ বেশি পড়ছে। উত্পাদন খরচ কমাতে চাই যান্ত্রিকীকরণ। এছাড়া আমাদের খাদ্য প্রক্রিয়াজাতকরণে যেতে হবে। গতকাল বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্দিন দৌলা ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসিআই চেয়ারম্যান বলেন, কৃষির যন্ত্রপাতি ব্যবহারকারীর সঙ্গে সার্ভিস প্রোভাইডারের সরাসরি যোগাযোগ থাকবে, কোনো সমস্যা হলে সে তা সমাধান করে দিবে। এরপর কৃষিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সবজি ফল ও অন্যান্য খাদ্যদ্রব্য ব্যবসায়ীরা বৈঠক করেন। এ ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এস এম জাহাঙ্গীর আলম। তারা খাদ্যদ্রব্য রপ্তানির ক্ষেত্রে কিছু সমস্যার কথা মন্ত্রীকে জানান। এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। গতকাল মেটাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল-এর নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।