ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। এই সফরে আসেননি কিউইদের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা। অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায় এই সিরিজকে তরুণদের শেখার জন্য দারুণ সুযোগ বলে মনে করছেন অধিনায়ক টম লাথাম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লাথাম বলেন, ‘কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে এখানে এসেছি। তবে এর ফলে অনেকে ছেলে সুযোগ পাচ্ছে, যারা আগে হয়তো সেভাবে সুযোগ পায়নি। এখানে ভিন্ন কন্ডিশনে সবার সামনেই দারুণ সুযোগ। বাংলাদেশে খেলা, উপমহাদেশে খেলার অভিজ্ঞতাকে পুঁজি করেই তারা সামনের দিনে এগিয়ে যাবে। এখান থেকে যত বেশি অভিজ্ঞতা নেওয়া যায়, চেষ্টা থাকবে ভিন্ন ভিন্ন ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখার, এর ফলে সামনের দিনে নিউজিল্যান্ডের ক্রিকেটে (ক্রিকেটারদের) ভালো গভীরতা তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখানে সিরিজ জিততেই এসেছি। সবার মূল লক্ষ্য এটাই। প্রতিটি ম্যাচেই আপনাকে শিখতে হবে যেন সিরিজের শেষ ভাগে গিয়ে নিজেদের ভালো সুযোগ দিতে পারি। আমি মনে করি এখানে কিছুটা কম অভিজ্ঞ প্লেয়ার রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে খেলাটা তাদের জন্য ভালো সুযোগ হবে। আমার দায়িত্ব হচ্ছে সবার মাঝে এই কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করা। সামনে যা আছে সেই পরিস্থিতি বুঝে সেভাবেই আমাদের খেলতে হবে।’
এমন তরুণ দল সামলানো কঠিন কি না এমন প্রশ্নে কিউই অধিনায়ক বলেন, ‘একদমই কঠিন না। এখানে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করার আরও একটি সুযোগ পেলাম। প্রতিটি সুযোগই দারুণ রোমাঞ্চকর। অনেকে বিশ্বের নানা প্রান্তে খেলছে। এভাবেই ক্রিকেট এখন আগাচ্ছে। অনেক লিগ হচ্ছে, সেগুলো আন্তর্জাতিক সিরিজের সঙ্গে ক্ল্যাশও করছে। ফলে আমরা ভিন্ন ভিন্ন প্লেয়ার খেলাতে চাচ্ছি, যেন তারা দায়িত্ব নিতে শেখে।’
