ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির স্টিয়ারিং কমিটির সভার প্রস্তাবে বলা হয়েছে, ডেঙ্গুর অস্বাভাবিক বিস্তার রোধে সরকারের ব্যর্থতায় দেশ আজ জরুরি অবস্থার পর্যায়ে উপনীত হয়েছে। মার্চ-এপ্রিল থেকে ডেঙ্গুর বিস্তার শুরু হলেও এখন বলা হচ্ছে এডিস মারার ওষুধ নেই; যা আছে তাও কার্যকর নয়। অর্থাত্ সরকারি কর্মকর্তা, সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষ সরকারি টাকা মেরে খেয়েছে। অবিলম্বে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে, জনগণকে সম্পৃক্ত করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে হবে বলে সভায় প্রস্তাব করা হয়। জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে মঙ্গলবার তার উত্তরার বাসায় অনুষ্ঠিত সভায় এই প্রস্তাব গৃহীত হয়। সভায় বক্তব্য দেন, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
