ডিজিটাল ব্যবস্থায় বেতন দেওয়া শুরু গার্মেন্টসে

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৫৭

ইত্তেফাক রিপোর্ট

ঈদের আগে তিনটি গার্মেন্টসের শ্রমিকদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষামূলকভাবে পাওনা পরিশোধ করা হয়েছে। শ্রমিকদেরকে মোবাইলে অ্যাপসের আওতায় অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হচ্ছে এবং ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। গত ২৭ জুন ডিজিটাল পেমেন্ট ওয়ালেটের মাধ্যমে পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি প্রদানের লক্ষ্যে বিজিএমইএ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সে সময় বিজিএমইএ ঈদুল আজহার আগেই পাইলট প্রকল্পের আওতায় কিছু কারখানার শ্রমিকদেরকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বেতন-বোনাস পরিশোধ করবে বলে জানিয়েছিল। এই ডিজিটাল পেমেন্ট অ্যাপসের সঙ্গে যুক্ত হয়েছে ইউনিলিভার, আপন, ডাচ্-বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংক। অ্যাপসটি কোনো নির্দিষ্ট মোবাইল ফিনান্সিয়্যাল সার্ভিস প্ল্যাটফমের সঙ্গে এককভাবে যুক্ত নয়। শ্রমিকরা অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে টাকা এলে তা বিকাশ, রকেট, নগদ অথবা তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে উত্তোলন করতে পারবেন। তারা দোকান থেকে পণ্য ক্রয় করতে পারেন এবং ক্যাশ ব্যাক সুবিধা পেতে পারেন। এই অ্যাপসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শ্রমিকদের ক্রেডিট প্রোফাইল তৈরি হবে, ফলে তারা পরবর্তী সময়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। অন্যদিকে কারখানাগুলোকেও নগদ অর্থ লেনদেন করতে হচ্ছে না।