মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ নারীরা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:২১

সিলেটে মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক

 সিলেট অফিস

মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাঈদ মো. রাশেদুল হক বলেছেন, গ্রামের পরিবারগুলো তাদের ছোটো পুকুরগুলোতে উন্নত ব্যবস্থাপনায় কার্প জাতীয় মাছের সঙ্গে দেশীয় প্রজাতির অতিপুষ্টি সম্পন্ন ছোটো মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন। যা নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। গত মঙ্গলবার বিকালে সিলেট জেলার সদর উপজেলার এওলারটেক গ্রামে ‘সূচনা’ কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে নারী মত্স্য চাষিদের মাছ চাষ কার্যক্রম পরিদর্শনকালে এক উঠান বৈঠকে এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ডিএফআইডি-এর অর্থায়নে মত্স্য অধিদপ্তরের সহায়তায় সূচনা কর্মসূচি সিলেট ও মৌলভীবাজার জেলার ২০ উপজেলার ১৫৭টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচির আওতায় পঁচাত্তর হাজার পরিবারকে মত্স্য চাষে উন্নত প্রশিক্ষণ, উপকরণ ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

এ সময় মত্স্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রমজান আলী, সিলেট বিভাগের উপপরিচালক মো. সুলতান আহম্মেদ, সূচনা কর্মসূচির চিফ অফ পার্ট ডা. শেখ সাহেদ রহমান,  জেলা মত্স্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মত্স্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।