নোয়াখালীর সদর উপজেলার অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া জব্দ করা হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের একটি ভাউচার গাড়ি।
সর্বশেষ শনিবার (১৮ এপ্রিল) গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চরমুটুয়ার উদয় সাধুর হাট থেকে ডিজেল জব্দ ও তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ডিবি পুলিশের এসআই মো. হেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল সদর উপজেলার খলিফার হাটে রাতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে তারা জানতে পারেন চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের একটি দোকানে বেশি দামে অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে ওই বাজারে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করে। এ সময় অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ হওয়া মেঘনা পেট্রোলিয়ামের গাড়ির ও ডিজেলের উৎসের ব্যাপারে তদন্ত চলছে।

ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ