স্টাফ রিপোর্টার, দিনাজপুর
ঈদুল আজহা ঘনিয়ে আসায় দিনাজপুরের গরম মসলার বাজারখ্যাত হিলি স্থলবন্দরের মসলার আড়ত গরম হতে শুরু করেছে। আর এর প্রভাব পড়েছে দিনাজপুর শহরের মসলার বাজারেও।
দিনাজপুর শহরের বাহাদুরবাজারে বিভিন্ন গরম মসলার দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিনের ব্যবধানে এলাচ, দারুচিনি, জিরাসহ বিভিন্ন গরম মসলার দাম বেড়েছে। বাজারের ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে। এদিকে হিলি সংবাদদাতা জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে হিলি স্থলবন্দরের আড়তগুলোতে বেড়েছে গরম মসলা বেচাকেনা। এজন্য দোকানদারদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় গরম মসলা জাতীয় পণ্য সাদা এলাচ, দারুচিনি ও জিরার দাম বেড়েছে।
হিলি বাজারের বিসমিল্লাহ মসলা ঘরের ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, ঈদ উপলক্ষ্যে সাদা এলাচ, দারুচিনি ও জিরার আমদানি কম থাকায় সেগুলোর দাম বেড়েছে। প্রকারভেদে এসব মসলার দাম কেজিতে বেড়েছে ১০০-২০০ টাকা পর্যন্ত।
