হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুই জন নিহত ও সাত জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিন জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও চার জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলার পুরানবাগ গ্রামের আব্দুল জব্বারের ছেলে নির্মাণ শ্রমিক মুখলিছ মিয়া ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ ছাত্র শহরের উমেদনগরের আফরোজ মিয়ার ছেলে শাকিল মিয়া।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরের খোয়াইমুখ থেকে একটি সিএনজি অটোরিকশা বানিয়াচং যাওয়ার পথে এবং বানিয়াচং থেকে একটি মোটরসাইকেল শহরে আসার পথে আতুকুরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ৯ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে মুখলিছ মিয়া ও শাকিল মিয়া মারা যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
