সিলেট অফিস
সিলেটের তারাপুর চা বাগানে অভিযান চালিয়ে গতকাল বুধবার ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়। সিলেট সদর উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। বাগানের টিলাভূমি দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তারের নেতৃত্ব দেন।
সমপ্রতি তারাপুরের দুসকি ও মোহাম্মদপুর এলাকায় চা-ভূমি দখল করে নির্মাণ করা হয় শতাধিক স্থাপনা। গত রবিবার এসব স্থাপনা উচ্ছেদে প্রথম বারের মতো অভিযান চালায় সিলেট সদর উপজেলা প্রশাসন। এ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় ১১টি স্থাপনা। এরপর বুধবার দুসকি এলাকার পোয়াইল টিলায় ২য় দফা অভিযানে আরও ১১ টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এখনও বাগানের ভেতর আরও বেশ শতাধিক স্থাপনা রয়ে গেছে বলে জানিয়েছে সংসিস্নষ্ট সূত্র।
অভিযানে নেতৃত্বদানকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার বলেন, ঈদের পরে আবার অভিযান চালাবো। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই বাগানে নতুন করে কোনো স্থাপনা তৈরি হবে না। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে সমপ্রতি বাগানের জমিতে বেশকয়েকটি স্থাপনা গড়ে উঠেছে।
