দুই ছিনতাইকারী গ্রেফতার, টাকা উদ্ধার
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে ওঠে টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে উপজেলার কেরানীহাট নিউ মার্কেট ও মঙ্গলবার ভোর ৫টার দিকে পুরানগড় ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে কেরানীহাট থেকে সিএনজি অটোরিকশাযোগে শহীদুল ইসলাম শাহেদ লোহাগাড়ার পদুয়া বাজারে যাচ্ছিল। এসময় ট্যাক্সিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে রাত সাড়ে ৯টার দিকে পৌঁছার পর একই ট্যাক্সিতে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা ট্যাক্সিটি পুনরায় পেছনের দিকে ঘুরিয়ে নেয়। তখন শাহেদ চিত্কার করলে ছিনতাইকারীরা গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে সাথে থাকা ৫ লাখ ৬৮ হাজার নগদ টাকা ও ব্যবহূত মোবাইল ফোন সেটটি ছিনিয়ে নেয়। সোমবার সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার আবদুল মোনাফ বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার রাতে পুলিশ উপজেলার জনার কেঁওচিয়া ৭ নম্বর ওয়ার্ডের আবুল কালামকে (২৮) কেরানীহাট নিউ মার্কেট থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল পুরানগড়ের শ্বশুর বাড়ি থেকে রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
সাতকানিয়া থানার ওসি মো. সফিউল কবীর জানান, গ্রেফতারকৃত আবুল কালাম ও মো. রাসেল চিহ্নিত ছিনতাইকারী। তারা দুই জনই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। আসামি রাসেল চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ঘটনায় জড়িত অন্য আসামিদের নামসহ বিস্তারিত তথ্য প্রদান করেছে। তাদের দুই জনকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে আদালত।
