জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:২৬

গ্রেফতার ২

g  কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

কালাইয়ে জমি দখলকে কেন্দ্র করে বুধবার দুপুরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার মাত্রাই সোনারপাড়া গ্রামের মোজাহার আলীর স্ত্রী খোতেজা বিবি (৬০)। এ সময় নিহতের দুই ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার মাত্রাই সোনারপাড়া গ্রামের মোজাহার আলী এবং নুরনবীর, রেজাউল ও মোফাজ্জালের মধ্যে পাঁচ বিঘা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে আদালতে মামলাও আছে। ঐ জমি মোজাহার আলীর দখলে রয়েছে। দখলীয় সূত্র ধরে মোজাহার আলী তার ছেলে খলিলুর রহমান ও লুত্ফর রহমানকে সঙ্গে নিয়ে ঐদিন জমিতে আমন ধান রোপণের জন্য আইল কাটতে যান। এ সময় প্রতিপক্ষ নুরনবী মোফাজ্জাল ও রেজাউলসহ বেশ কয়েকজনকে নিয়ে জমি দখল করতে যায়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। নুরনবীর লোকজন কোদাল দিয়ে আঘাত করলে খোতেজা বিবি এবং তার দুই ছেলে খলিলুর রহমান ও লুত্ফর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে খোতেজা বিবির অবস্থার অবনতি হলে চিকিত্সকরা তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, ঐ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত আছে।