সুন্দরবনে নিরাপত্তা জোরদার

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:২৬

কয়রা (খুলনা) সংবাদদাতা

ঈদুল আজহাকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের বনজ সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে বনবিভাগ। ইতিমধ্যে বনবিভাগ থেকে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সুন্দরবনের হরিণ শিকার, অবৈধভাবে গাছ কাটা এবং বিষ প্রয়োগ করে মাছ শিকার রোধে বুধবার খুলনা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এক জরুরি সভা হয়। সভায় বিশেষ বিশেষ টিম গঠন করে টহল জোরদারসহ প্রত্যেক স্টেশন কর্মকর্তার সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন টহল ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তা।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের (ডিএফও) মো. বশিরুল আল মামুন বলেন, সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বনবিভাগের স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে। তাছাড়া স্মার্ট টিমের পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ি সমন্বয়ে গঠিত টিম সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম চালাবে।