জামাতা গ্রেফতার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে শাশুড়িকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন জাহেদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি।
মঙ্গলবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শাশুড়ি সিদ্দিকা বেগম (৫০) মারা যান। তিনি পীরগঞ্জ উপজেলার বারাইপাড়া গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী। গুরুতর আহত জাহেদুলের স্ত্রী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। উপজেলার শঠিবাড়ি বৈরাতী মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় হত্যা মামলা হয়েছে। ঘাতক জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার বড়ো হযরতপুর ইউনিয়নের নানকর ফতেপুর গ্রামের জাহেদুল ইসলাম তার স্ত্রী আরজিনা বেগমকে নিয়ে শঠিবাড়ি বৈরাতী মোড়ে ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করতেন। জাহেদুলের ধারণা, তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। বিষয়টি নিয়ে সোমবার সকালে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে জাহেদুল তার স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় শাশুড়ি সিদ্দিকা বেগম মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কোপায় জাহেদুল। মা ও মেয়ের চিত্কারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সিদ্দিকা বেগমের মৃত্যু হয়। স্ত্রী আরজিনা বেগমের অবস্থা গুরুতর।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ঘাতক জামাতাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র রায়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
