কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড 

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৩:২৪

দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরু পায় বাংলাদেশ। শুরু থেকে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা। শুরুতেই তিন উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে রাখে বাংলাদেশ। তবে নিক কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে কিউইরা। 

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম ল্যাথাম। একের পর এক ডট বল করে নিউজিল্যান্ডের ওপেনারদের চাপে রাখেন তাসকিন-শরীফুল। 

দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ২৬ বলে ১৩ রান করে নাহিদ রানার বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান হেনরি নিকোলস। 

এরপর ক্রিজে আসা উইল ইয়োংকে নিজের দ্বিতীয় শিকার বানান নাহিদ। ৭ বলে ২ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসা টম ল্যাথামকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন নিক কেলি।

তবে ল্যাথামের বিদায়ে আরও চাপে পড়ে নিউজিল্যান্ড। ৩৫ বলে ১৪ রান করে সৌম্য সরকারের বলে আউট হন কিউই অধিনায়ক। তবে একপ্রান্ত আগলে রেখে ৬৬ বলে ফিফটি তুলে নিয়েছেন কেলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। 

ইত্তেফাক/জেডএইচ