ঘাসের চিবুকে সকালের রোদ হাসে,
তার ভাঁজে ভাঁজে কত যে স্বপ্ন ভাসে!
কলার পাতারা সবুজ চামর দোলায়,
ঝিরিঝিরি হাওয়া মিষ্টি পরশ বোলায়।
চারদিকজুড়ে শুধু হাসি কলরোল,
খুশির পাখিরা নাচছে দোদুল দোল।
লাল-সবুজের পতাকা আমায় ডাকে,
রঙের তুলিতে অপরূপ ছবি আঁকে ;
সেই ছবিখানা রক্তের দামে কেনা,
তোমার আমার সকলেরই প্রিয়, চেনা।
সেই ছবিটাকে বুকে দাও সবে ঠাঁই,
দেশটা আপন— এর বড় কিছু নাই!
