ভাণ্ডারিয়া হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট বিতরণ

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:২৯

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু তাঁর ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য ১৫০টি কিট প্রদান করেছেন। গতকাল বুধবার ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. জহিরুল ইসলামের কাছে কিটগুলো পৌঁছে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাওয়ায় এ উপজেলায় ডেঙ্গু জ্বর বা স্বাস্থ্যসেবা বিষয়ে এমপি মহোদয় নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। পিরোজপুর-২ আসনের ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলার জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কিনা তা দ্রুত পরীক্ষার জন্য ব্যক্তিগত উদ্যোগে তিনি ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট পাঠিয়েছেন। উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিষয়টি সব সময় ভাবার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগের সকলের পক্ষ থেকে এমপি মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকারিভাবে উপজেলা হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য মাত্র পাঁচটি কিট সরবরাহ করা হয়েছে।