কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ রবিউল ইসলামসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, রবিউল ইসলাম (৩৫), তার পিতা হাফেজ প্রামানিক (৭২), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৪০), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৫), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩৩) ও তার স্ত্রী মেরিনন খাতুন (২৬)।
এলাকাবাসী সুত্রে জানাযায়, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় রবিউল ইসলাম বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তার ওপর হামলা চালায়। রবিউলের চিৎকারে তার বাবা-মা ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকে লক্ষ্যে করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষসহ ১০ জন গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
হামলার বিষয়ে জানতে রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে হাসপাতালে উপস্থিত রবিউলের মামা লিয়াকত মেম্বার জানান, হামলার কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। কারা এই হামলা চালিয়েছে তাও জানেন না।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, রাতে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন । তাদের মধ্যে রবিউল ইসলামের অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
