শিবগঞ্জে তিনটি দপ্তরে জনবল সংকট

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:৩০

সেবা কার্যক্রম ব্যাহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার সমাজসেবা, ভূমি অফিস ও শিক্ষা অফিসে জনবল সংকটের কারণে সঠিকভাবে দপ্তরের কাজ সম্পন্ন করতে ব্যাঘাত ঘটছে। এমনকি বাড়তি কাজ করতে হচ্ছে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, অফিসের বিভিন্ন পদে ১৮ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ১৩ জন এবং দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে পাঁচ পদ। উপজেলা সমাজসেবা অফিসে ইউনিয়ন সমাজকর্মী মোট ৯ জনের মধ্যে কর্মরত আছেন মাত্র চার জন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি অফিসে ১২টি পদে ১৭ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে কর্মরত আছে মাত্র ৯ জন এবং শূন্য রয়েছে আট জন। শূন্য পদগুলো হচ্ছে, কানুনগো পদে একজন, সার্ভেয়ার পদে একজন, (বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে) প্রধান সহকারী কাম হিসাব রক্ষক পদে একজন, নাজির কাম ক্যাশিয়ার পদে একজন, সার্টিফিকেট পেশকার পদে একজন (জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে) ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদে একজন, (জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে) প্রসেস সার্ভেয়ার পদে একজন অফিস সহায়ক পদে একজন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ অফিসে মোট চারটি পদে ১৬ জন জনবল থাকার নিয়ম থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র পাঁচ জন।

উপজেলার বিভিন্ন দপ্তরে জনবল সংকটের ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, শুধু শিবগঞ্জেই নয়, সারাদেশেই বিভিন্ন দপ্তরে জনবল সংকট রয়েছে। সরকার চেষ্টা করছে অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ দিয়ে জনবল সংকটের সমস্যার সমাধান করবে।