কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ২০:৪৫

কুমিল্লার চান্দিনায় জাল টাকা সরবরাহ করার সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের পালকি সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম কুমিল্লা মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো. শাহ্ আলম এর ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়। 

পুলিশ সূত্রে জানা যায়- চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় জাল টাকা সরবরাহ করার গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) শিশির কুমার ঘোষ ফোর্সসহ অভিযান চালিয়ে আরিফুলকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বাংলাদেশী টাকার বিভিন্ন জাল নোট উদ্ধার করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘরের বক্স খাটের ভিতর থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আটক আরিফুল বেশ কয়েকদিন ধরে চান্দিনাসহ আশেপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। এ ঘটনায় মামলা দায়ের করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
ইত্তেফাক/এমএসআর