চাঁদপুরে চলমান এসএসসি পরীক্ষায় তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করার অভিযোগে এক প্রধান শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
অব্যাহতিপ্রাপ্ত ওই শিক্ষক হলেন চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়া।
জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান এসএসসি পরীক্ষার্থী হলে তিনি কেন্দ্র সচিব বা পরীক্ষা পরিচালনায় দায়িত্ব নিতে পারেন না। অভিযোগ অনুযায়ী, কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়ারমেয়ে রাইসা অরিন আনিকা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও তিনি বিষয়টি গোপন রেখে দায়িত্ব পালন করছিলেন, যা বোর্ডের নিয়মের লঙ্ঘন।
লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেন জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা বলেন, 'অভিযোগ পাওয়ার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়া প্রথমে গণমাধ্যমকে জানান, তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। তবে কিছুক্ষণ পর তিনি সেই বক্তব্য অস্বীকার করেন এবং বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

