কাশ্মীর পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে :কাদের

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২২:০৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, কাশ্মীর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। গতকাল বুধবার মিরপুর মাজার রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত চলমান পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের শুরুতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারতে সুদীর্ঘ ৭০ বছর পর তাদের সংবিধান থেকে কাশ্মীর নিয়ে ৩৭০ অনুচ্ছেদ তারা বিলুপ্ত করেছে। তাদের পার্লামেন্টের উভয়কক্ষ রাজ্যসভা এবং লোকসভায় এই বিল পাশ হয়েছে। এর ফলে ভারত তাদের নিজেদের পার্লামেন্টে জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো প্রকার মন্তব্য এবং কোনো প্রকার প্রশ্ন করার এখতিয়ার নেই। কাজেই আমি এ বিষয়ে কোনো প্রশ্ন করতে চাই না। আমরা প্রতিবেশী হিসেবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সচেতন করতে ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শিরোনামে এই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘মশার কার্যকর ওষুধ আমদানির প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। দুই-চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ আমরা পাব, ঢাকায় এসে পৌঁছাবে।’ ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যতদিন আমরা বাংলাদেশকে এই ডেঙ্গু জ্বর আর এডিস মশাকে নিয়ন্ত্রণে আনতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, নগরবাসীকে অনুরোধ করব যার যার ঘর, ঘরের আঙিনা, যার যার কর্মস্থল, আশপাশের এলাকা, স্কুল-কলেজ ক্যাম্পাস এবং বিপণি বিতান পরিচ্ছন্ন রাখবেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য আসলামুল হক আসলাম, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি প্রমুখ বক্তব্য রাখেন।