পদ্মা উত্তাল, নৌযান চলাচল বন্ধ

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২২:১০

পদ্মায় প্রবল ঢেউয়ের কারণে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান  চলাচল বুধবার দুপুরে বন্ধ হয়ে গেছে। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা ৭ শতাধিক যানবাহন আটকা পড়েছে। যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে নুরা বয়াতির চরে এবং ফেরি চ্যানেলের মুখে দুটি গরুবাহী ট্রলারের তলা ফেটে গেছে। পরে দ্রুত গরু নামিয়ে চরে রাখা হয়।  

সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে স্রোতের তীব্রতা বেড়েছে। বাতাস বইছে, উত্তাল পদ্মায় বড়ো বড়ো ঢেউ আছড়ে পড়ছে। প্রবল স্রোত এবং পানি বৃদ্ধির কারণে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট ডুবে গেছে। এর আগে ১ ও ২ নম্বর ফেরিঘাটের র্যাম সরে যাওয়ায় ছয় ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর ফেরি চলাচল বন্ধ হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘাট মেরামতের পর বুধবার সকাল ৬টার পর ফেরি চলাচল শুরু করে। ছয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে নদী আরো বেশি উত্তাল হওয়ায় দুপুর সোয়া ১টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর লঞ্চ ও স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে।

এদিকে শিমুলিয়া ঘাটে ৫০টি নাইট কোচসহ ৭ শতাধিক ছোটো বড়ো যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বৈরী আবহাওয়ায় নৌচলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, সকালে পদ্মা অববাহিকায় প্রচণ্ড ঢেউ ও তীব্র স্রোতের কবলে নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছিল। দুপুরে পরিস্থিতি আরো খারাপ হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে         এলে ফেরি চলাচল আবার চালু করা হবে। 

ফেটে গেছে গরুবাহী ট্রলারের তলা

মাওয়া নৌপুলিশের আইসি-২ মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, দুপুরে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের বিকল্প চ্যানেলের মুখে উত্তাল পদ্মার ঢেউয়ের আঘাতে একটি গরুবাহী ট্রলারের তলা ফেটে যায়। চালক ট্রলারটি একটি চরের মধ্যে তুলে দেন। চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছে ৬০টি গরু। এখন অন্য ট্রলার দিয়ে গরুগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া নুরাবয়াতির চরের কাছে আরেকটি গরুবাহী ট্রলারের তলা ফেটে যায় ঢেউয়ের দাপটে। পরে সেটিও চরে নোঙ্গর করা হয়। গরুগুলো উদ্ধার করা হয়েছে। ট্রলারের ব্যাপারী এবং মাঝি সকলে অক্ষত আছেন।

কাঁঠালবাড়ী ঘাটেও অপেক্ষায় ৬ শতাধিক যান

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক যানবাহন। ফেরি চালু থাকার সময় কাঁচামাল ও গরুবাহী যান ও অ্যাম্বুলেন্স অগ্রাধিকার ভিত্তিতে পার করায় কোনো কোনো গাড়ি চারদিন ধরে ঘাট এলাকায় অবস্থান করছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আ. ছালাম মিয়া বলেন, নদীতে সে াত ও হঠাত্ ঝেড়ো হাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখায় ঘাট এলাকায় ৬ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে বাতাস ও স্রোত কমলে ঘাট এলাকায় গাড়ির চাপ কমবে।