গুলশান সোসাইটির নির্বাচনে ব্যারিস্টার ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এতে ব্যারিস্টার ওমর সাদাত পুনরায় দুই বছরের জন্য সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
ব্যারিস্টার ওমর সাদাত বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। পাশাপাশি নগর অধিকারকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। নতুন নির্বাচিত মহাসচিব হলেন মুজিবুর রহমান মৃধা, যিনি পেশায় একজন ব্যবসায়ী।
প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে গুলশান সোসাইটির ১২তম নির্বাহী কমিটির নির্বাচন মঙ্গলবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নবনির্বাচিত সহ-সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ মিয়া। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইভা রহমান আলি আশফাক। যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন খাদেম মো. রাইয়ান সাদীদ ও জয়া কবির। যুগ্ম কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মাহফুজুল আজম রোমেল।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান।
এছাড়া ছয়টি জোনের চেয়ারম্যান হিসেবে ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার এবং ড. জাফরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি গুলশান এলাকার নাগরিক সেবা, নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
