শান্তর সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৫:২৯

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। তার সেঞ্চুরির সঙ্গে লিটন দাসের ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ। কিউইদের ২৬৬ রানের টার্গেটে দিয়েছে টাইগাররা। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। দলীয় ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। 

তানজিদ তামিম ১, সৌম্য ১৮ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সাইফ হাসান। এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন শান্ত ও লিটন। শুরুতে দেখে-শুনে ব্যাট করতে থাকলেও ক্রমেই কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। জুটিতে দুজন মিলে তোলেন ১৬০ রান। ফিফটি পূরণের পর ৭৬ রানে থামেন লিটন। 

এদিকে ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন শান্ত। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতরানের ইনিংস। শান্তর ইনিংস থামে ১০৫ রানে। ১১৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চার ও দুটি ছয়ে সাজানো।

শেষ দিকে তাওহিদ হৃদয়ের ৩৩ ও মেহেদী হাসান মিরাজের ২২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচ