বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি জব্ধ করে। বুধবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কাচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ধনেশ ওরফে সুকুমার (৩৮) ও নাটোর জেলার সিংড়া উপজেলার বাহিমাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল (৫৫)।
সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজারের পূর্বপাশে একটি ব্রিজের ওপর দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনার খবর আসে। এ খবর পেয়ে শেরপুর থানা পুলিশের একটি টহল দল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাযুন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমানসহ তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গুরুতর আহতাবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত ধনেশ ওরফে সুকুমারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি ও আফজালের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলে জানান তিনি।
