বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ মোটরসাইকেল আরোহীসহ আট জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন মোটরসাইকেল আরোহী। গত মঙ্গলবার ও বুধবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো অফিস ও সংবাদদাতাদের পাঠানো খবর—
দিনাজপুর :দিনাজপুরে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় মুদি ব্যবসায়ী ও পল্লি চিকিত্সকের মৃত্যু হয়েছে। দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার দরবারপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান যাত্রী মুদি ব্যবসায়ী প্রসেনজিত্ রায় (২৩) নিহত হয়েছেন। এদিকে, দিনাজপুরের ঘোড়াঘাটে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন আব্দুল হাকিম (৪০) নামে এক পল্লি চিকিত্সক। আব্দুল হাকিম ঘোড়াঘাট উপজেলার ভর্ণাপাড়া গ্রামের।
রাজশাহী :রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—সাগর (২৮), রকি (২৮) ও মাফিকুল (১৭)। সবার বাড়ি নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায়। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
কাহালু (বগুড়া) :কাহালুতে চলন্ত বালিবাহী ট্রাকের ধাক্কায় ডিগ্রি দ্বিতীয় বর্ষের আল হাদি (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শিলকওঁর মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের কল্যাণপুর দক্ষিণপাড়া গ্রামের আলহাজ উদ্দিনের ছেলে এবং দরগাহাট ডিগ্রি কলেজের ছাত্র।
কামারখন্দ (সিরাজগঞ্জ) :কামারখন্দে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় (৩০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :রূপগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মনিরুদ্দিন মনির (৫৮) নামে একজন নিহত হয়েছেন। গতকাল চনপাড়া-ইছাখালী সড়কের উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মনিরুদ্দিন মনু বড়ালু পাড়াগাঁও এলাকার।
