আড়াই হাজার টন সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ নামে দুটি জাহাজ কক্সবাজারের কুতুবদিয়ার ঠেঙ্গারচরে ডুবে গেছে। গতকাল বুধবার দুপুরে সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে জাহাজ দুটি ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তত্পরতা শুরু করে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সকল ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপপরিচালক মো. সেলিম সাংবাদিকদের জানান, কুতুবদিয়ার অদূরে মাদার ভেসেল থেকে ক্লিঙ্কার বোঝাই করে জাহাজ দুটি মুন্সীগঞ্জের মোক্তারপুর যাচ্ছিল। সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা ফেটে যায় এবং আরেকটির হ্যাচ ভেঙে পড়ে। এরপর জাহাজ দুটি ঠেঙ্গারচর এলাকায় ডুবে যায়। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শাহ সিমেন্ট জাহাজ দুটির মালিক বলে জানান তিনি।
