বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া ও মেঘনা নদীতে দুটি সারবাহী জাহাজ ডুবে গেছে তীব্র স্রোতে। মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে পৃথক এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেন্দিগঞ্জের দড়িরচর-খাজুরিয়া ইউনিয়ন সংলগ্ন গজারিয়া নদীতে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে সার বোঝাই জাহাজ ডুবে যায়। জাহাজটি ৯০০ মেট্রিক টন পটাশিয়াম সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিল। দুর্ঘটনায় ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়াও জাহাজে থাকা ১২ জন স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হয়। অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে ৮০০ মেট্রিক টন সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোর যাওয়ার সময় একটি জাহাজ প্রবল স্রোতে আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নদীতে ডুবে যায়। এতেও প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
