ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। তারা দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)।
দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারীরা পুলিশকে জানান, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যায়। তিনি জানান, নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থাতে আনা হয়। আহতদেরকে ভর্তি দেওয়া হয়েছে।

