আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বছরব্যাপী এডিস মশার উত্স নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ করতে হবে। এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য, কাউন্সিলরসহ জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারের একার পক্ষে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সবার সম্মিলিতভাবে মাঠে নেমে কাজ করতে হবে। তাহলে অবশ্যই ডেঙ্গুমুক্ত বাংলাদেশ হবে। আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গুর বিরুদ্ধে বিজয় আমাদের হবেই।’
গতকাল বুধবার দুপুরে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৪ দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে জোটের শীর্ষ নেতারা বনানী এলাকায় ‘শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন অব্যাহত রাখুন, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন’—এমন স্লোগান সংবলিত লিফলেট বিতরণ এবং মশার স্প্রে করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ১৪ দলের উদ্যোগ রাজধানীতে তিন দিনের ডেঙ্গুবিরোধী জনসচেতনা কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল বনানীতে এই অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম আরো বলেন, ডেঙ্গুর ভয়াবহতা ঢাকার মানুষকে উদ্বিগ্ন করে ফেলেছে। এটা চলতে পারে না। তাই শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণির পেশার মানুষকে বাড়িঘর, অফিস-আদালত নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে কেউ রাজনীতি করবেন না। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এডিস মশার উত্সস্থল ধ্বংসে সবার এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন আলোকিত।
সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, ডেঙ্গু থেকে মুক্ত হতে সবার সচেতন হতে হবে। নিজেদের বাড়ি-ঘর ও এর আশপাশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর কাছে আমরা পরাজিত হতে পারি না। কারণ আমরা বিজয়ী জাতি। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, এডিস মশার নির্মূলের কর্মসূচিকে গণ-আন্দোলনে পরিণত করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ খান, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।
