মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ৭৫০ প্রতিষ্ঠান একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। বুধবার সকাল ১০টা থেকে জেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিওসহ গুরুত্বপূর্ণ ৭৫০ প্রতিষ্ঠান একযোগে এই পরিচ্ছন্নতা অভিযানে শুরু করে। এ সময় রাস্তা-ঘাট পরিচ্ছন্ন ছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠান ও বাড়িঘর, আঙিনা পরিচ্ছন্ন করা হয়। জেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও আগ্রহ সৃষ্টি করা এই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
সকালে কালেক্টরেট প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এ সময় জেলা শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও জেলা প্রশাসন ও জজ কোর্ট ক্যাম্পাস, শহরের প্রধান বাজার, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল, শহরের লঞ্চঘাট ও মুক্তারপুর পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশসন ও স্বাস্থ্য বিভাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সব পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। জনসচেতনতা বাড়াতে হ্যান্ডবিল বিতরণ করা হয়, বের করা হয় র্যালি।
জেলা প্রশাসক বলেন, সরকারি হিসাবে এ পর্যন্ত জেলায় ৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তবে শঙ্কার কথা হচ্ছে, আক্রান্তদের মধ্যে দুই জন রয়েছেন যারা মুন্সীগঞ্জের। ঢাকার সঙ্গে যাদের কোনো সংযোগ নেই। বাকিরা ঢাকা থেকে ডেঙ্গুর জীবাণু নিয়ে এসেছে। তাই মুন্সীগঞ্জে এডিস মশা যেন বংশ বিস্তার করতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
