ইরানের দাবি

যুদ্ধ থেকে প্রস্থানের সম্মানজনক পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৩৮

ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনার আগে ওয়াশিংটনের অবস্থান নিয়ে কড়া মন্তব্য করেছে ইরান। দেশটির দাবি, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে একটি ‘সম্মানজনক’ প্রস্থানের পথ খুঁজছে।

শনিবার (২৫ এপ্রিল) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

মুখপাত্র বলেন, ইরানের সামরিক শক্তি এখন প্রভাবশালী অবস্থানে রয়েছে এবং প্রতিপক্ষ এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজছে।

এদিকে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সম্ভাব্য শান্তি আলোচনা সামনে রেখে তাদের এই সফর শুরু হয়েছে বলে জানা গেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা আপাতত নেই তেহরানের।

ইত্তেফাক/এসএ