র্যাবকে দিয়ে স্বামীকে অপহরণের অভিযোগ স্ত্রীর

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৩৪

ব্যক্তিগত আক্রোশে হত্যার উদ্দেশ্যে র্যাব কর্মকর্তার পদবি ব্যবহার করে র্যাব সদস্যদের দিয়ে কাঠ ব্যবসায়ী স্বামী ইসমাইল হোসেন বাতেনকে অপহরণ করিয়েছেন। তাকে মুক্তি দিয়ে পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন অপহূতের স্ত্রী নাসরিন জাহান স্মৃতি। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন—অপহূতের মেয়ে আনিশা ইসলাম মিনশা, ছেলে ইনাম ও ভাই খায়রুল আলম।

লিখিত বক্তব্যে স্মৃতি জানান, নৌবাহিনী থেকে প্রেষণে র্যাব সদর দপ্তরের পরিচালক (কমিউনিকেশন অ্যান্ড সিগন্যাল) হিসেবে কর্মরত কমান্ডার রাসেল আহাম্মদ কবীরই হত্যার উদ্দেশ্যে র্যাবকে ব্যবহার করে তার স্বামী ইসমাইল হোসেন বাতেনকে অপহরণ করিয়েছেন। তার স্বামী শাহ আলী মাজার সংলগ্ন দাদা স মিলে কাঠের ব্যবসা করতেন। তিনি বলেন, ৩৫ বছর পূর্বে জাগোদল নেতা ফয়েজ আহাম্মদ মিন্টু মিয়া হত্যাকাণ্ডে বাতেনকে আসামি করা হয়। ঐ মামলায় বাতেন খালাস পান; কিন্তু মিন্টু মিয়ার ছোটো ছেলে বর্তমানে র্যাব কর্মকর্তা রাসেলের সন্দেহ, বাতেনই তার বাবাকে হত্যা করেছে। নিখোঁজ হওয়ার চার/পাঁচ দিন পূর্বে রাসেল বিভিন্ন লোকের মাধ্যমে বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। এ হুমকির পরিপ্রেক্ষিতে তার স্বামী বাতেন থানায় জিডিও করতে চেয়েছিলেন; কিন্তু তার পূর্বেই তিনি নিখোঁজ হয়ে যান।