চলতি ২০১৯-২০২০ অর্থবছরে ৫৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি ৪৫ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানি ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম রপ্তানির এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। তিনি বলেন, রপ্তানির যে লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে, তা কঠিন কিছু না। রপ্তানিকারকরা আন্তরিক হলে সহজেই এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।
চলতি বছর পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২ দশমিক ২৫ ভাগ এবং সেবা খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৩৪ দশমিক ১ ভাগ। গত ২০১৮-২০১৯ অর্থবছরে মোট রপ্তানি ছিল ৪৬ দশমিক ৮৭৩ বিলিয়ন ডলার। এর মধ্যে পণ্য রপ্তানি ৩৯ বিলিয়ন ডলারের বিপরীতে প্রকৃত রপ্তানি হয়েছে ৪০ দশমিক ৫৩৫ বিলিয়ন ডলার। অপরদিকে গত বছর সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলারের বিপরীতে রপ্তানি হয়েছে ৬ দশমিক ৩৩৮ বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রা থেকে ২৬ দশমিক ৭৭ ভাগ বেশি।
গত বছর তৈরি পোশাক খাতে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৯ ভাগ, কৃষিপণ্য রপ্তানিতে ৩৪ দশমিক ৯২ ভাগ, প্লাস্টিক পণ্য রপ্তানিতে ২১ দশমিক ৬৫ ভাগ, ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানিতে ২৫ দশমিক ৬০ ভাগ। পণ্য রপ্তানিতে গড় প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৫৫ ভাগ।
গতকাল এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন, ডব্লিউটিওর মহাপরিচালক মো. কামাল হোসেন এবং বিভিন্ন সেক্টরের রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন।
