বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১২৪টি ভিএসপি (ভিওআইপি সার্ভিস প্রোভাইডার) লাইসেন্সধারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে। লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিটিআরসি থেকে ইস্যু করা ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মধ্য থেকে ১২৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হলো। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়নের আবেদন করেনি এবং ১৮টি প্রতিষ্ঠান যথাযথভাবে আবেদন করেনি বিধায় উক্ত প্রতিষ্ঠানগুলোর ভিএসপি লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে তাদের অনুকূলে ইস্যু করা ভিএসপি লাইসেন্সের কোনো বৈধতা নেই বিধায় ভিএসপি সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম অনতিবিলম্বে বন্ধের জন্য নির্দেশনা দেওয়া হলো। লাইসেন্সগুলোর অধীনে কার্যক্রম অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ বলেও বিবেচিত হবে।
