ঘুম শুধু ঘুম ছাড়া ভালো আর লাগে না কিছুই,
জাগরণে বিবমিষা, দমবন্ধ অসহ্য নরক।
যতক্ষণ জেগে থাকি যুদ্ধ ততক্ষণ,
যুদ্ধ মানে দ্বেষদিশা,অবিশ্বাস, ছলনার দাবা—
এই লীলা ছড়িয়েছে ঘরে-বাইরে সবকোণ জুড়ে;
রণক্লান্ত আমি আজ ক্ষমাসহ ছুটি চাই সকল খেলায়।
ঘুম আর ঘুম ছাড়া কিছুই লাগে না তাই ভালো,
ছোট ছোট ঘুমের ব্যায়ামে তৈরি করেছি নিজেকে মহাঘুমে ডুবে যেতে;
ও অনন্ত ঘুম, আমাকে তোমার কোলে টেনে নাও এক্ষুনি মা।
