চাঁদপুর-৪ আসনে সাবেক এমপি শামছুল হক ও তার স্ত্রীকে দুদকের নোটিশ

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৩৮

চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) আওয়ামী লীগের সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া ও তার স্ত্রীর ডা. আনোয়ারা হককে সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক থেকে তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ঐ নোটিশে  তাদেরকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা ও আয়ের উত্সসহ বিস্তারিত বিবরণী দুদকে দাখিল করতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, ড. শামছুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার মালিকানাধীন অ্যাপোলো গ্রুপের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগও আছে। এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত ৬ মে শামছুল হক ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

প্রসঙ্গত, ড. শামছুল হক ভূঁইয়া ২০১৪ সালে চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে এমপি নির্বাচিত হন। তার স্ত্রী ডা. আনোয়ারা হক পেশায় একজন চিকিত্সক।