খেলার মাঠে বাছুর ঢোকা নিয়ে মারামারি, চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ২০:১৬

বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে একটি বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারির জেরে আহত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মো. হযরত আলী (১৭) রোববার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে শনিবার বিকেলে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া এলাকায় মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে সমবয়সী কয়েকজন কিশোর মাঠে ফুটবল খেলছিল। এ সময় একটি গরুর বাছুর মাঠে ঢুকে পড়লে হযরত আলীর সঙ্গে মুছা নামের এক কিশোরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। পরে অভিযুক্তের বড় ভাই এসে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করেন।

তবে রোববার সকালে হযরত আলী হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

ইত্তেফাক/এমএএম