সিরাজগঞ্জের কামারখন্দে রেল লাইন থেকে গরুর পাল সরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিনটি গরুসহ মালিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের হালুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গরুর মালিক সেলিম মন্ডল হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার হোসেন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় রেললাইন পার হয়ে সেলিম মন্ডল তার নিজের ৯টি গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় ৩টি গরু এবং তিনি ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম রাকিব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি ও গরু মারা যাওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন জানান, হালুয়াকান্দি গ্রামে গরুসহ মালিকের ট্রেনে কাটা পড়লে একটি গরু ও গরুর মালিক ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রেনের ধাক্কায় আহত আরও দুটি গরু এলাকাবাসী জবাই করেছে বলে জানতে পেরেছি।

