মাগুরার শ্রীপুরে ডিবি পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপিয়ে পড়ার পর আওয়ামী লীগ নেতা আমিরুল মোল্লার লাশ উদ্বার করেছে ডুবুরিরা। গতকাল বুধবার সকালে কুমার নদে তার লাশ পাওয়া যায়। আমিরুল মোল্লা শ্রীকোল দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সামছেল আলম মোল্লার পুত্র। এ ঘটনায় মাগুরা ডিবি পুলিশের এসআই ওলিয়ার রহমান ও কনস্টেবল বুলবুলকে পুলিশ লাইন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে মাগুরা ডিবি পুলিশের একটি দল উপজেলার হাট শ্রীকোল বাজারে আসে। এ সময় আমিরুল ঐ বাজারের মদন চায়ের দোকানে বসেছিল। বাজারে হঠাত্ ডিবি পুলিশের উপস্থিতি দেখে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের এসআই ওলিয়ার রহমান ও কনস্টেবল বুলবুল তাকে ধাওয়া করলে আমিরুল কুমার নদে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমিরুল সাঁতরে কিছু দূর যাওয়ার পর তাকে উদ্ধারের জন্য সাহায্য চায়। কিন্তু এসআই ওলিয়ার তাকে উদ্ধার না করে নদের ঘাট থেকে প্রদীপ মাঝির নৌকা নিয়ে লাঠি দিয়ে তাকে আঘাত করে। এর পর থেকেই আমিরুল নিখোঁজ ছিল।
পরে খুলনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে গতকাল তারা কুমার নদে প্রায় আধাঘণ্টা তল্লাশি চালানোর পর নদের তলদেশ থেকে আওয়ামী লীগ নেতা আমিরুলের লাশ উদ্ধার করে।
নিহতের বড়ো ভাই বাহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ডিবি পুলিশের দারোগা ওলিয়ার রহমান এবং তার সহযোগীরা গ্রাম্য প্রতিপক্ষ বাহারুল মেম্বারের সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিতে তার ভাই আমিরুলকে পিটিয়ে হত্যা করেছে।
মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
