নবাবগঞ্জে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাতি ইব্রাহিমের

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৫৯

ঢাকার নবাবগঞ্জে নূরুল হক (৭৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করেছে নিহতের নাতি ইব্রাহিম। বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল আমলী আদালত, নবাবগঞ্জ ঢাকায় তাকে হাজির করা হলে সে এই হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত আসামি ইব্রাহিমকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার সন্ধ্যায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইব্রাহীম নিহত নূরুল হকের মেজ ছেলে সিরাজের সন্তান।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. নাসির উদ্দিন জানান, নূরুল হক হত্যায় জড়িত সন্দেহে ঘটনার দিনই নিহতের মেজ ছেলে সিরাজ, সিরাজের ছেলে ইব্রাহিম ও  নূরুল হকের ছোট মেয়ের জামাই রওশনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আটক করা হয়। প্রাথমিকভাবে পুলিশের কাছে ইব্রাহিম তার দাদা নূরুল হককে হত্যার কথা স্বীকার করে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে সে সম্পত্তির লোভে তার দাদাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে আদালতে জবানবন্দি দেয়। পরিদর্শক নাসির উদ্দিন আরো জানান, এঘটনায় বাকি দুই জনের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।  হত্যার সঙ্গে জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শেরপুর গ্রামের নূরুল হককে শ্বাসরোধে হত্যা করা হয়। নিহত নূরুল হক ঐ গ্রামের মৃত সুখাই বাবুর্চির ছেলে।