সখীপুরে ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে ৫৪ জন আহত, ভ্যাকসিন সংকটে ভোগান্তি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৫

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।

আহতরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে র‌্যাবিস ভ্যাকসিন সংকট দেখা দেয়। ফলে অনেকেই বাধ্য হয়ে স্থানীয় ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী। এর মধ্যে ৯ জন শিশু (১০ বছরের নিচে) এবং ৭ জন বয়স্ক (৬০ বছরের বেশি)। আক্রান্তদের অধিকাংশই সখীপুর পৌরসভা, কালিয়া, বহেড়াতৈল, কাকড়াজান ও গজারিয়া ইউনিয়নের বাসিন্দা।

চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগ জানায়, রোববার দুপুরে প্রথম তিনজন আহত রোগী আসার পরই কুকুরের কামড়ে আহতদের ভিড় বাড়তে থাকে, যা রাত পর্যন্ত অব্যাহত ছিল। পরিস্থিতি অব্যাহত থাকায় সোমবার সকালেই ভ্যাকসিন সংকট দেখা দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত কুকুর নিয়ন্ত্রণ ও ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদারের দাবি জানান।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ভ্যাকসিন সংকটের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। যতটুকু ভ্যাকসিন ছিল তা দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে অনেক রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হয়েছে।

 
ইত্তেফাক/এমএএম