কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৬:৩১

কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৩৭৮ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৪২ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ১৩৬ জন বর্তমানে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের কেউ এ জেলা থেকে আক্রান্ত হননি, তারা ঢাকা থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় এসে চিকিৎসাধীন আছেন। ডেঙ্গু থেকে রক্ষার জন্য জেলার বিভিন্ন স্কুল-কলেজ, হাট-বাজারসহ সকল এলাকায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশগ্রহণে একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং সতর্কতামূলক নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতে জেলাব্যাপী সকল মহলে ব্যাপক সাড়া জেগেছে।

হেল্প ডেস্ক
ঈদে ঘরমুখো মানুষের ডেঙ্গু সচেতনতার জন্য কুমিল্লা জেলার বিভিন্ন বাস স্টেশন ও রেলস্টেশনসহ ৫৮ স্থানে থাকছে সার্ভিস হেল্প ডেস্ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ এবং কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার ছোট-বড় ৫০টি বাস স্টেশন এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের ৮টি রেলওয়ে স্টেশনে ডেঙ্গু সচেতনতামূলক এ হেল্প ডেস্ক স্থাপন করা হবে। হেল্প ডেস্কগুলো থেকে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হবে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় ১০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এবং জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, এ মূহুর্তে সকল শ্রেণিপেশার মানুষের সচেতনতাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সকলকে রক্ষা করতে। এমন সচেতনতা বৃদ্ধির জন্য অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। 

ইত্তেফাক/নূহু