ভোলার বোরহানউদ্দিনে গরু বহনকারী ট্রাক চাপায় মো. মিজান (১৮) ও শাহাদাত (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাওরীর হাট সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান বোরাহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবেদ আলীর ছেলে ও শাহাদাত একই এলাকার আবু তাহেরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিজান তার মামাতো ভাই শাহাদাত ও বোন নাজমাকে নিয়ে মোটরসাইকেলে করে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ডাওরীর হাট সংলগ্ন এলাকায় গরু বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিজান ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাজমা বেগম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বন্যা ও ভারত থেকে গরু না আসার অজুহাতে গরম পশুর হাট
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার ও সহকারী পালয়ে গেছে।
ইত্তেফাক/অনি
