ফিক্সিং রুখতে ডিপিএলে ড্রেসিংরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ

আপডেট : ০২ মে ২০২৬, ১৬:১৩

অবশেষে আলোর মুখ দেখেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ৪ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি। ডিপিএলকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে আন্তর্জাতিক ম্যাচের মতোই ফিক্সিংবিরোধী প্রটোকল অনুসরণ করা হবে। ড্রেসিংরুমে ফোন ব্যবহার করা যাবে না। 

শনিবার (২ মে) ডিপিএলের নতুন আসর সামনে রেখে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিপিএলে আইসিসি অ্যান্টি-করাপশন ইউনিটের (আকু) নিয়ম-নীতি অনুসরণের কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

বিসিবি প্রধান বলেন, ‘বিপিএলে আমরা টিম বাস থেকে নামার পরই মোবাইল ফোন জমা দিতে হতো। কেবল ম্যানেজারের কাছে একটি ফোন থাকতো এবং তিনিই সবার হয়ে যোগাযোগ করতেন। খেলোয়াড়, কোচ কিংবা কোচিং স্টাফ; কেউই ফোন রাখতে পারতেন না।’

ডিপিএলেও ড্রেসিংরুমে ফোন ব্যবহার করা যাবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে। এ বছর থেকেই আমরা এসব বাস্তবায়ন শুরু করেছি। দল ও খেলোয়াড়রা ইতোমধ্যে প্রয়োজনীয় দুর্নীতি দমন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। এখানে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’

তামিম বলেন, ‘এই জিনিসগুলোর প্রতি আমরা খুবই সিরিয়াস। কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্ন আসে না। ফ্র্যাঞ্চাইজি বা আন্তর্জাতিক ক্রিকেটে যেমন হয়, তেমনি এখানেও সেগুলো অনুসরণ করা হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা একটু কঠিন হবে। তবু আমাদের তরফ থেকে যতটুকু আমরা পারি আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো মেইনটেইন করতে।’

ইত্তেফাক/জেডএইচ