ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চমাত্রার মাদক ‘ক্রিস্টাল আইস’ বা উদ্ধার করেছে র্যাব।
শনিবার (২ মে) দুপুরে এসব মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস দল বাস টার্মিনাল এলাকায় অভিযানে নামে। এসময় সাতক্ষীরার শ্যামনগর হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫১০ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে জানানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো অত্যন্ত উচ্চমাত্রার এবং ব্যয়বহুল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
