আগামী মৌসুমে আবারও রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন হোসে মরিনহো। সম্প্রতি এমন গুঞ্জন জোরালো হচ্ছিলো। অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন মরিনহো। পর্তুগিজ এই কোচ জানিয়েছেন, লস ব্লাঙ্কোদের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।
২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। তার অধীনে ক্লাবটি জিতেছিল লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছিল, ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ নাকি অভিজ্ঞ এই কোচকে শীর্ষ পছন্দ হিসেবে বিবেচনা করছেন।
শুক্রবার (১ মে) সংবাদ সম্মেলনে মরিনহো গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, 'রিয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে কথা বলেনি—এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ফুটবলে আমরা এসব গুজবের সঙ্গে অভ্যস্ত, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি।'
বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার কোচ হিসেবে কাজ করছেন মরিনহো। ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। তিনি সম্প্রতি জানিয়েছেন, এই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেনফিকাতেই থাকতে চান।

