মুস্তাফিজ শফির লেখা গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী রাজীব।
‘একদিন বৃষ্টির শহরে’ গানটিতে সুর সংযোজন করেছেন লুত্ফর হাসান। সংগীতায়োজন করেছেন মার্সেল। আসছে ঈদে অডিও ভিডিও প্রকাশনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি সংগীত ভুবনে গীতিকবি হিসেবে পা রাখা প্রসঙ্গে মুস্তাফিজ শফি বলেন, ‘আমার কবিতায় সুরারোপ করে এর আগেও অনানুষ্ঠানিকভাবে অনেকে গেয়েছেন। তবে একটি গান নিয়ে এ রকম আয়োজন এটাই প্রথম। বৃষ্টি নিয়ে প্রত্যেক মানুষের মনের ভেতরেই কিছু কল্পনা আছে। এই গানের কল্পনার সঙ্গে অনেকের কল্পনা মিলে যাবে এটা বলাই যায়। আশা করি লুত্ফর হাসানের সুর আর রাজিবের গায়কীতে গানটি সবার ভালো লাগবে।’
কণ্ঠশিল্পী রাজিব বলেন, ‘অনেকদিন পর এমন একটি গানে কণ্ঠ দিলাম, যার কথা ও সুরে শ্রোতারা বৈচিত্র্য খুঁজে পাবেন। গানের কথায় মিশে আছে এমন কিছু দৃশ্য, যা বাস্তব করে তোলার ইচ্ছা অনেকের মনের মাঝে থাকে।’ লুত্ফর হাসান বলেন, ‘প্রতি সপ্তাহে কোনো না কোনো শিল্পীর জন্য গান করছি। কিন্তু চাইলেও গানে সবসময় ভিন্নমাত্রা যোগ করা সম্ভব হয়ে ওঠে না। এদিক থেকে এই গানটি ব্যতিক্রম। গানের কাব্যকথায় যেমন নান্দনিকতা আছে তেমনি আছে দারুণ এক কল্পদৃশ্য।’
